৮ মার্চ ২০১৮ - ১৭:২৩
মিয়ানমারে রোহিঙ্গা নিধন এখনও পুরোদমে চলছে: জাতিসংঘ

জেইদ রা'দ আল হোসেইন বলেছেন, রাখাইনে বুলডোজারের সাহায্যে বিভিন্ন গ্রাম ও গণকবর ধ্বংসের প্রতিবেদনগুলোই প্রমাণ করে মিয়ানমার কর্তৃপক্ষ অপরাধের চিহ্নগুলো মুছে ফেলছে।

আবনা ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা জেইদ রা'দ আল হোসেইন বলেছেন, মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞ বন্ধ হয় নি। নিধনযজ্ঞ পুরোদমে অব্যাহত রয়েছে। গতকাল (বুধবার) তিনি এ কথা বলেছেন।
জেইদ রা'দ আল হোসেইন আরও বলেছেন, রাখাইনে বুলডোজারের সাহায্যে বিভিন্ন গ্রাম ও গণকবর ধ্বংসের প্রতিবেদনগুলোই প্রমাণ করে মিয়ানমার কর্তৃপক্ষ অপরাধের চিহ্নগুলো মুছে ফেলছে।
তিনি বলেন, রাখাইনের রোহিঙ্গা মুসলমানরা খাদ্য সংকটে রয়েছে। খাদ্যসহ অন্যান্য পণ্য সামগ্রী সংগ্রহের সব পথ বন্ধ করে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। এর ফলে তারা রাখাইন ছাড়তে বাধ্য হচ্ছে।
মিয়ানমার সরকার এখন পর্যন্ত জাতিসংঘ কর্মকর্তার এসব মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় নি।
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে চুক্তি করেছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, রাখাইনে এখনও যারা রয়েছেন তারাই দুর্বিসহ জীবনযাপন করছেন। ফলে সেখানে শরণার্থীদের ফেরত পাঠানোর অর্থ হলো জেনেশুনে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া।