আবনা ডেস্কঃ এখন থেকে সৌদি আরবে নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির রাজতন্ত্র। গত বৃহস্পতিবার রাতে সৌদি সরকারের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত ২৩৬ পাতার নথিতে এই ঘোষণা দেওয়া হয়। নথিতে দেশটির নারী-পুরুষ মেলামেশা সম্পর্কিত বিধিনিষেধ বন্ধ ছাড়াও নামাজের সময় চাইলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে বলা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবর।
যুবরাজের কথিত ভিশন ২০৩০ বাস্তবায়নে দেশের শ্রমবাজারে নারীদের সম্পৃক্ত করতেও বিধিনিষেধে সংস্কার আনা হচ্ছে। এই ভিশনের অংশ হিসেবেই দেশটির সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোতে সম্প্রতি একজন নারী উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
সরকার ইতোমধ্যেই চলচ্চিত্র শিল্প এবং নারীদের গাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এমনকি সরকারের আয়োজিত অনুষ্ঠানে আগের নিয়ম অনুসরণ করে নারী-পুরুষের জন্য আলাদা বন্দোবস্ত রাখা হয়নি। যুবরাজের এমন সংস্কার সিদ্ধান্তে দেশটির অভ্যন্তরে সমালোচনাও চলছে বেশ। রাজতন্ত্রের রক্ষণশীল অংশ বলছে- যুবরাজ সৌদি আরবকে তার ইতিহাস ও ঐতিহ্য থেকে দূরে ঠেলে দিচ্ছেন।
প্রকাশিত নথিতে বলা হয়, এখন থেকে নারীরা খেলাধুলায় অংশগ্রহণ ও প্রকাশ্যে চলাফেরা করতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং স্থানীয়দের জীবনযাত্রার মান পরিবর্তনে এই পরিবর্তন আনা হয়েছে বলেও নথিতে উল্লেখ করা হয়। এতদিন পর্যন্ত সৌদি রাজতন্ত্রে প্রতিদিন নিয়ম করে নামাজের জন্য দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে এবং ওষুধের দোকানও বন্ধ রাখতে হতো।#
১২ মে ২০১৮ - ০৬:০৪
News ID: 893100
যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসার পর থেকেই বিভিন্ন সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন।