আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আনসারুল্লাহ বাহিনীর ছামাদ-৩ ড্রোনের সাহায্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তথ্য দিয়েছে আল-মাসিরাহ টিভি চ্যানেল।
ইয়েমেন সেনাবাহিনীর ড্রোন ইউনিট আজ (রোববার, ৩০শে সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তথ্য প্রকাশ করে উল্লেখ করেছে, হামলায় ছামাদ-৩ মডেলের ড্রোন ব্যবহার করা হয়েছে।
ড্রোন ইউনিটের জনৈক কর্মকর্তা জানান, ইয়েমেন সীমান্ত থেকে ১২০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত দুবাই বিমানবন্দরে হামলা চালাতে ছামাদ-৩ মডেলের ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইয়েমেনের নিরীহ জনগণের উপর বর্বর হামলার জবাবে দ্বিতীয়বারের মত সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাই এ হামলার শিকার হল।
গত ২৭ আগস্ট ইয়েমেন সেনাবাহিনীর ড্রোন ইউনিট দুবাইয়ে কয়েক দফায় হামলা চালায়। এর আগে চলতি বছরের ২৬ জুলাই আবুধাবী বিমান বন্দরে হামলা চালিয়েছিল ইয়েমেনিরা। এ হামলাতেও ছামাদ-৩ মডেলের ড্রোন ব্যবহার করেছিল তারা।
এদিকে, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, শুক্রবার আল-দাউদ পাহাড়ের কাছে তাব্বা রেশাশ এলাকায় সৌদি সেনাদের একটি সমাবেশের ওপর স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জিলজাল-১ দিয়ে হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।#