২০ অক্টোবর ২০১৮ - ০২:২০
খুনের কথা স্বীকার সৌদি আরবের, জেনারেল বরখাস্ত

সৌদি শাসক পরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাসোগী খুন হওয়ার কথা স্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে, সৌদি শাসক গোষ্ঠীর সমালোচক সাংবাদিক জামাল খাসোগীর খুন হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি আরবের একজন শীর্ষ জেনারেলকে বরখাস্ত এবং বেশ কয়েকজনকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (১৯ অক্টোবর) এক ঘোষণায় সৌদি আরব জানিয়েছে, তদন্তের প্রাথমিক ফলাফল থেকে, "ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সৌদি কর্মকর্তাদের সাথে ঝগড়ার সময় খাসোগীকে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।"

সৌদি রাষ্ট্রীয় টিভি চ্যানেল আরও জানিয়েছে, রাজপরিবারের পক্ষ থেকে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শীর্ষ ও ঘনিষ্ঠ সহযোগী আহমদ আল-আসিরিকে এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে।

এদিকে, জেনারেল ইন্টেলিজেন্স এজেন্সি পুনর্গঠনের জন্য বিন সালমানকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়াও হয়েছে।

প্রসঙ্গত, খাসোগী হত্যার ঘটনায় সৌদ আল কাহতানিকে রাজকীয় আদালতের উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।#