৩০ মার্চ ২০১৯ - ২০:৩০
ক্রাইস্টচার্চ হামলা: স্কুলছাত্র আটক

গত বৃহস্পতিবার ওই কিশোরকে যুব আদালতে হাজির করা হয়। জেনে-শুনে আপত্তিকর বস্তু/উপাদান তৈরি কিংবা নকল করার অপরাধে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আবনা ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর স্থানীয় এক স্কুলছাত্রকে আটক করেছে দেশটির পুলিশ। ওই ছাত্রের কাছে আপত্তিকর বস্তু পাওয়া গেছে বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে।
তবে আইনি কারণে ওই কিশোরের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাছাড়া স্কুলের পক্ষ থেকেও তার পরিচয় প্রকাশ করা হয়নি।
নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, গতকাল বৃহস্পতিবার ওই কিশোরকে যুব আদালতে হাজির করা হয়। জেনে-শুনে আপত্তিকর বস্তু/উপাদান তৈরি কিংবা নকল করার অপরাধে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আদালত তার জামিন নামঞ্জুর করেছে এবং সে রিমান্ডে রয়েছে। আগামী মাসে তাকে আবারো আদালতে তোলা হবে।
খবরে বলা হয়েছে, ওই কিশোরের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তার ব্যাপারে সতর্ক ছিল।
পুলিশের তদন্তের বরাত দিয়ে তার স্কুলের প্রিন্সিপাল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তাছাড়া পুলিশও কোনো মন্তব্য করেনি বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি।
গত ১৫ মার্চের ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৫১ জন মুসল্লি মারা যান। আহত হন আরো অন্তত ৬০ জন।