৩১ ডিসেম্বর ২০১৯ - ০৭:০৬
পুলিশের অনুমতি মিলেনি: বিএনপির সমাবেশ স্থগিত

গত ৩০ ডিসেম্বর নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন উল্লেখ করে আজ সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় এ সমাবেশ স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

(ABNA24.com) আজ নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান,  আজকেও বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশকে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

আমাদের পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচিকে বানচাল করতে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশেপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে গোটা নয়াপল্টন এলাকায়। সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারীতে পরিণত হয়েছে। যখন তখন যেকোন সময় আওয়ামী লীগ যেকোন স্থানে সভা-সমাবেশ করতে পারে।

এদিকে,  রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।বিতর্কিত জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে দুপুর পৌনে একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের লাঠিচার্জে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ বাম  জোটের ১৪ নেতাকর্মী আহত হয়েছেন।  এছাড়া মৎস্যভবন এলাকা থেকে বাম গণতান্ত্রিক জোটের ১০ জনকে আটক করা হয়েছে।এদিকে সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান।

আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, মৎস্য ভবন এলাকায় বাম জোট কর্মীদের থামাতে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা এগোতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বাম নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

...........
340