১০ জুলাই ২০১৫ - ০৬:৩৪
মারা গেছেন সৌদ আল-ফয়সাল

সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আবনা ডেস্ক : সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তাকে ক্ষমতা থেকে সরিয়ে আদেল বিন আহমেদ আল-জুবায়েরকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়ার দু মাস তিনি মারা গেলেন।
প্রিন্স সৌদ আল-ফয়সালের পরিবারের সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রিন্স সৌদি আল-ফয়সাল বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। ফয়সালের মৃত্যুর খবর জানিয়ে তার ভাইপো সৌদ মুহাম্মাদ আব্দুল্লাহ আল-ফয়সাল টুইটার বার্তায় বলেছেন, “আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”
একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে ফয়সাল মারা গেছেন। তেনি অজ্ঞাত রোগে ভুগছিলেন। সৌদি রাজ পরিবারের এ সদস্যকে ১৯৭৫ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু গত ২৯ এপ্রিল এক ফরমান বলে রাজা সালমান বিন আবদুল আজিজ ফয়সালের জায়গায় জুবায়েরকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তার আগে জুবায়ের আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।#