আবনা ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একে পার্টির কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত একজন আহত হয়। একে পার্টির নেতৃত্বে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় একটি সূত্র জানিয়েছে, গতকাল (শনিবার) ইস্তাম্বুলের বেইওগ্লু এলাকায় অবস্থিত কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায় এবং একজন গুলিতে সামান্য আহত হয়েছে। ঘটনার পরপরই তুর্কি স্পেশাল ফোর্সের সদস্যরা সেখানে পৌঁছায় এবং বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়। পরে বন্দুকধারীরা সরে পড়ে।
নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্তে নেমেছে এবং এরইমধ্যে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু। তিনি বলেছেন, যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাক না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে।#