২৯ ফেব্রুয়ারি ২০১৬ - ০৬:০৭
ইন্ডিয়ানায় ৩ মুসলিম যুবকের লাশ উদ্ধার (ছবি)

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ফোর্ট ওয়াইন শহরের একটি বাড়ী থেকে ৩ কৃষ্ঞাঙ্গ মুসলিম যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গুলিবিদ্ধ হয়ে ঐ ৩ মুসলিম যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ানা রাজ্য পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ফোর্ট ওয়াইন শহরের বাসিন্দা মুহাম্মাদ তাহা উমার (২৩), এ্যাডাম কে ম্যাকি (২০) এবং মুহাম্মাদ এ তায়েরাব’ (১৭) এর লাশ একটি বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।

ফোর্ট ওয়াইনের পুলিশ প্রধান জানান: নিহত ঐ ৩ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরে বেশ কয়েটি গুলির চিহ্ন রয়েছে।

তিনি জানান: এখনো পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনার উৎস উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিগত মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও হুমকি লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে।

কয়েকদিন আগেও মিসৌরি রাজ্যের বাসিন্দা এক ব্যক্তি একটি মুসলিম পরিবারের দিকে অস্ত্র তাক করে বলেছে: এ প্রদেশের আইন আমাদেরকে অস্ত্র বহন এবং তোমাদেরকে (মুসলমান) গুলি করার অনুমতি দেয়। তুমি, তোমার স্ত্রী ও সন্তানকে মরতে হবে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া ও প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষের হারব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলাম বিদ্বেষের বিষয়টি যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায়ও প্রভাব ফেলেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার নির্বাচনী প্রচারণায় বক্তৃতাকালে ঘোষণা করেছেন যে, যদি তিনি বিজয়ী হন তবে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে বাধা দেবেন।

মার্কিন এ ধনকুবের আরো বলেছেন: মসজিদগুলোকে বন্ধ করে দেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোন পথ খোলা নেই।

উল্লেখ্য, প্যারিসের বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলার ঘটনায় ১৩০ ব্যক্তি নিহত এবং বহু লোক হতাহত হয়। সন্ত্রাসী গোষ্ঠি আইএসআইএল (দায়েশ) এ হামলার দায় স্বীকার করেছিল।#