আবনা ডেস্ক : সিরিয়ায় আইএসআইএলের কাছ থেকে সদ্যমুক্ত হওয়া ঐতিহাসিক নগরী পালমিরায় একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। সেখানে প্রায় ৪০টি মৃতদেহের সন্ধান মিলেছে। পালমিরার উত্তর-পূর্বাঞ্চলে সন্ধান পাওয়া ওই গণকবরে পুরুষের পাশাপাশি নারী ও শিশুর মৃতদেহও রয়েছে।
বিবিসি জানিয়েছে, গণকবরটি থেকে এখন পর্যন্ত ২৫টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতর মধ্যে পাঁচ নারী এবং তিন শিশুর দেহাবশেষও রয়েছে। এখনো সেখানে উদ্ধারকাজ চলছে।
সেনাবাহিনীর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মৃতদের কাউকে মস্তক ছিন্ন করে হত্যা করা হয়েছে, কাউকে গুলি করে। মৃতদের মধ্যে কেউ সরকারি কর্মকর্তা, সৈনিক এবং তাদের আত্মীয়-স্বজন রয়েছে।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সিরিয়ার প্রত্নতাত্ত্বিক শহর পালমিরা দখল করে নেয় জঙ্গিগোষ্ঠী আইএসআইএল। ধ্বংস করা শুরু করে প্রাচীন ওই নগরীর ঐতিহাসিক নিদর্শনগুলো। পরবর্তীতে গত সপ্তাহে রুশ বাহিনীর সহায়তায় ঐতিহ্যবাহী পালমিরা দখল নিতে বড় আকারের অভিযান শুরু করে সিরীয় বাহিনী।#