আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশেষজ্ঞ পরিষদের সদস্য এবং হাওযা ইলমিয়া কোমের ‘জামেয়ে মুদাররিসীনের উচ্চতর পরিষদের সদস্য’ আয়াতুল্লাহ ‘মুহাম্মাদ ইয়াজদি’ গতকাল (বুধবার, ৯ ডিসেম্বর) পবিত্র কোম শহরে অবস্থিত নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন যাবত তিনি ডাইজেস্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন কিন্তু কয়েক মাস ধরে তার অসুস্থতা বেড়ে যাওয়ায় বাড়ীতেই শয্যাশায়ী অবস্থায় তার চিকিৎসা চলছিল। গতকাল সকালে তার অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকরা উপস্থিত হলেও তাদের আপ্রাণ চেষ্টা বিফলে যায়।
বিপ্লবের পূর্ব ও পরবর্তী সময়ে ইমাম খোমেনি (রহ.) এর ঘনিষ্ট সাথীদের একজন বিশিষ্ট এ আলেম ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি হাওযা ইলমিয়া-কোমে’র জামে মুদাররিসীনের উচ্চতর পরিষদের প্রধান এবং বিশেষজ্ঞ পরিষদে কোম শহরের প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। কয়েক বছর তিনি ইরানের প্রধান বিচারপতির দায়িত্বও পালন করেছেন।
আয়াতুল্লাহ হাজ মুহাম্মাদ ইয়াজদির জানাজা গতকাল (বুধবার ৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় ইমাম হাসান আসকারি (আ.) মসজিদ থেকে হজরত মাসুমা (সা. আ.) এর মাজারে আনা হয় এবং জানাজার নামাজ শেষে সেখানেই দাফন করা হয়।
বার্তা সংস্থা আবনা, বিশিষ্ট এ আলেম ফকিহ’র ইন্তিকালে মহামান্য রাহবার, মাজরায়ে তাকলিদগণ, ওলামা, ধর্মীয় ছাত্র এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়।
প্রসঙ্গত, ইরানের সুপরিচিত এ আলেম আরবিতে ১৩টি এবং ফার্সি ভাষায় পবিত্র কুরআনের অনুবাদসহ ২২টি গ্রন্থ রচনা করেছেন।#176