১৮ ফেব্রুয়ারী ২০২৬ - ১৪:৪৭
গাজায় শান্তি পরিষদের আড়ালে সামরিক ঘাঁটি নির্মাণের তথ্য ফাঁস

গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘শান্তি পরিষদ’-এর প্রথম বৈঠক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ হাজার সেনাসদস্যের জন্য ৩৫০ একর জায়গাজুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। নথিতে বলা হয়েছে, ভবিষ্যৎ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী-আইএসএফ এর জন্য এটি একটি অপারেশনাল বেস হিসেবে কাজ করবে। যা শান্তি পরিষদের অধীনে ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে।


নথিতে ধাপে ধাপে একটি সামরিক আউটপোস্ট নির্মাণের কথা বলা হয়েছে। যার চূড়ান্ত আয়তন হবে দৈর্ঘ্যে প্রায় এক হাজার ৪০০ মিটার ও প্রস্থে এক হাজার ১০০ মিটার।

কাঁটাতারের বেড়ায় ঘেরা থাকবে পুরো ঘাঁটি। এতে থাকবে ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার, ছোট অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, বাংকার ও সামরিক সরঞ্জাম রাখার গুদাম।

ঘাঁটির জন্য দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতল এলাকা নির্ধারণ করা হয়েছে। নথিতে ৬ মিটার লম্বা, ৪ মিটার প্রস্থ ও আড়াই উচ্চতার বাংকার নির্মাণের কথা বলা হয়েছে। যেখানে উন্নত বায়ু চলাচল ব্যবস্থা থাকবে, যেন যুদ্ধাবস্থায় সেনারা আশ্রয় নিতে পারে।

এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘শান্তি পরিষদ’-এর বৈঠকে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে সেখানে ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি ছিল না। যোগ দেয়নি যুক্তরাজ্য, ইতালি, জার্মানিসহ ইউরোপের প্রভাবশালী দেশ। গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধ শেষে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এদিন সভায় ট্রাম্প গাজার পুনর্গঠনের জন্য ১০ বিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেন। এছাড়া প্রায় সাত বিলিয়ন ডলার তহবিল প্রদানের প্রতিশ্রুতি দেয় কাতার, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর এবং মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেয়।

গাজা নিয়ে আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও উপত্যকাটিতে ইসরাইলি বর্বরতা থেমে নেই। বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চল ও দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় দখলদাররা। রাফাহ শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। উপত্যকাজুড়ে ইসরাইলি আগ্রাসনের প্রথম ১৫ মাসে প্রাণহানি ৭৫ হাজার ছাড়িয়েছে বলে তথ্য উঠে এসেছে বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে।

Tags

Your Comment

You are replying to: .
captcha