১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

বৃটেনের রাজধানী লন্ডনের এক পুলিশ সদস্য গত শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) মুসলমানদের একটি মসজিদে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিতি লাভ করেছেন।

stargazete এর বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: লন্ডন পুলিশের এ সদস্য গত শুক্রবার এ শহরের মাওলানা মসজিদে উপস্থিত হয়ে মসজিদে উপস্থিত ওলামা ও মুসলমানদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।

মাওলানা মসজিদের কর্মকর্তা ফাতেহ কাহারমান এ পুলিশ সদস্যের সাথে সাক্ষাতকালে নামাযের দর্শন, মসজিদের দেয়ালে লিপিবদ্ধ বাক্যাবলীর অর্থ ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন।

এ সাক্ষাতের অপর অংশে লন্ডন পুলিশের এ সদস্য ইসলামের মৌলিক বিষয় ও ইসলামি শরয়ী মাসআলা মাসায়েল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং উপস্থিত কর্মকর্তারা তার সকল প্রশ্নের উত্তর প্রদান করেন।

লন্ডন পুলিশের এ সদস্য এ সাক্ষাত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে এ ধরণের পদক্ষেপকে সাধারণ জনগণের মাঝে বিভেদ সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত করেন। এ সময় তিনি জনগণের মাঝে ঐক্য ও সংহতি রক্ষা ও বিভিন্ন ধর্মের মাঝে শান্তিপূর্ণ সংলাপের প্রতি গুরুত্বারোপ করেন।#