৯ অক্টোবর ২০১০ - ২০:৩০

তাঁর নাম ফাতেমা এবং প্রসিদ্ধ উপাধি হচ্ছে মা’সুমা। তাঁর মহিমান্বিত পিতার হলেন ৭ম ইমাম হযরত মূসা ইবনে জাফর (আ.) এবং মাতারা নাম হযরত নাজমা খাতুন (সা. আ.)। হযরত নাজমা খাতুন অষ্টম ইমাম হযরত রেজা (আ.) এরও মা। এ কারণেই হযরত মা’সুমা (সা. আ.) ও হযরত ইমাম রেজা (আ.) একই মায়ের সন্তান।

জন্ম: হযরত মা’সুমা (সা. আ.) ১৭৩ হিজরী’র ১লা জিলক্বদে মদিনা মনোয়ারায় জন্মগ্রহণ করেন

শৈশব ও শিক্ষা : শৈশবে তাঁর পিতা ইমাম মুসা ইবনে জাফর (আ.) কে তৎকালীন অত্যাচারী আব্বাসী খলিফা হারুনের নির্দেশে বাগদাদের কারাগারে কারারুদ্ধ করা হয়। সুতরাং শৈশব থেকেই তিনি তাঁর ভ্রাতা আলী ইবনে মূসা আর-রেজা (আ.) এর সান্নিধ্যে বেড়ে ওঠেন।

এ মহয়সী নারী এমন একটি পরিবারে বেড়ে ওঠেন যেখানে নৈতিক উত্তম বৈশিষ্টের কোন অভাব ছিল না। ইবাদত ও দুনিয়া বিমূখতা, তাকওয়া ও খোদাভিরুতা, সত্যবাদিতা, ধৈর্য্য, দানশীলতা এবং আল্লাহকে স্মরণ ইত্যাদি ছিল এ পরিবাবের সদস্যদের অন্যতম গুনাবলী।

এ মহিয়সী’র পিতা যখন শাহাদত বরণ করেন তখন ইমাম মুসা কাযিম (আ.) এর সকল সন্তান অর্থাৎ ইমাম রেজা (আ.) এর ভাই ও বোনদের দায়িত্ব স্বয়ং ইমাম রেজা (আ.) এর উপর পড়ে।

ইমাম কাযেম (আ.) এর সন্তানদের প্রতি ইমাম রেজা (আ.) এর বিশেষ প্রচেষ্টার ফলে তাঁর (ইমাম কাযেম) সন্তানরা বিশেষ মর্যাদার অধিকারী হন। আর যে সকল নাম, উপাধি ও গুণ উল্লিখিত হয়েছে তা দেখে স্পষ্টভাবে অনুধাবন করা যায় যে, ইমাম কাযেম (আ.) এর সন্তানদের মধ্যে ইমাম রেজা (আ.) এর পর হযরত মাসুমা (সা. আ.) এরই স্থান।

হযরত মা’সুমা (সা. আ.) এর জন্য যে সকল উপাধী বিভিন্ন রেওয়ায়েত বর্ণিত হয়েছে সেগুলো হচ্ছে : তাহেরা, হামিদা, রাশিদা, তাকিয়া, রাজিয়া, মার্জিয়া, সাইয়্যেদা সিদ্দিকা, সাইয়্যেদা রাজিয়া মার্জিয়া, মোহাদ্দাসাহ, আবেদা ইত্যাদি।

ইলমি ব্যক্তিত্ব : হযরত মা’সুমা (সা. আ.) এর ইলমি ব্যক্তিত্ব সম্পর্কে যে সকল ঘটনা বর্ণিত হয়েছে তন্মধ্যে একটি হল নিম্নরূপ:

বর্ণিত হয়েছে যে, একদা শিয়াদের একটি দল হযরত ইমাম মুসা ইবনে জাফর (আ.) এর সাথে সাক্ষাত ও তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার উদ্দেশ্যে মদিনায় যায়। ঐ সময় হযরত ইমাম কাযেম (আ.) সফরে থাকায় তারা উক্ত প্রশ্না সমূহকে হযরত মা’সুমা (সা. আ.) এর নিকট দিয়ে দেয়, যাতে পরবর্তীতে তার উত্তর লাভ করতে পারে।

দ্বিতীয় দিন তারা পূনরায় ইমামের সাক্ষাত লাভের আশায় গেল। কিন্তু ইমাম (আ.) তখনও সফর হতে ফিরে আসেননি। অবশেষে তারা বাধ্য হয়ে উক্ত প্রশ্নগুলো ফেরত চাইল, যাতে পরবর্তী সফরে ইমাম (আ.) এর নিকট জিজ্ঞেস করতে পারে। কিন্তু তাদের এটা জানা ছিল না যে, হযরত মাসুমা (সা. আ.) উক্ত প্রশ্ন সমূহের উত্তর তাদের জন্য লিপিবদ্ধ করেছিলেন।

তারা উক্ত প্রশ্ন সমূহের উত্তর পেয়ে আনন্দিত হল এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মদিনা ত্যাগ করলো।

ঘটনাক্রমে পথিমধ্যে ইমাম মূসা ইবনে রেজা (আ.) এর সাথে তাদের সাক্ষাত ঘটলো। তারা ঘটনাটি খুলে বললে ইমাম (আ.) উক্ত উত্তর গুলো পড়লেন এবং উক্ত উত্তর সমূহ পড়ার পর তিনি তিনবার বললেন: ‘তাঁর বাবা তাঁর উপর উৎসর্গ হোক’।

হিজরত : ২০০ হিজরীতে আব্বাসীয় খলিফা মা’মুনের হুমকি ও পীড়াপীড়ির কারণে ইমাম রেজা (আ.) মারভ সফর যেতে বাধ্য হন। তিনি তার আত্মীয়-স্বজন কাউকে সাথে না নিয়েই খোরাসানের উদ্দেশ্যে রওনা হন।

ভাইয়ের হিজরতের এক বছর পরই হযরত মা’সুমা (সা. আ.) ভাইয়ের সাক্ষাত লাভের আশায়, কয়েকজন ভাই ও ভাতিজাকে সঙ্গে নিয়ে খোরাসানের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে প্রত্যেকটি শহরে তাকে স্বাগত জানানো হয়।

আর এ সকল স্থানে তিনি হযরত যায়নাব (সা. আ.) এর ন্যায় স্বীয় ভাইয়ের মজলুমিয়্যাতের কথা মু’মিন-মুসলমানদের মাঝে তুলে ধরেন এবং ধোকাবাজ আব্বাসীয় খলিফাদের সাথে আহলে বাইত (আ.) এর বিরোধিতার বিষয়টিকে স্পষ্ট করে দেন।

এ কারণে হযরত মা’সুমা (সা. আ.) এর কাফেলা যখন ‘সাভে’ নামক স্থানে এসে উপস্থিত হয় তখন আহলে বাইত (আ.) এর শত্রুদের একটি দল বনি আব্বাস সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ায় এবং তাঁর সাথীদের উপর আক্রমণ করে। ফলশ্রুতিতে কাফেলার সকল পুরুষ ব্যক্তিই শাহাদত বরণ করেন। এক বর্ণনা অনুযায়ী হযরত মা’সুমা (সা. আ.) কেও বিষাক্ত কিছু খাওয়ানো হয়।

ওফাত : তিনি ১৭ দিন যাবত কোম শহরে অবস্থান করেন এবং ২০১ হিজরী’র ১০ই রবিউস সানী ভাইয়ের সাথে সাক্ষাতের আকাঙ্খা মনে নিয়েই ইহধাম ত্যাগ করেন।

কোম শহরের জনগণ যথাযথ মর্যাদায় তাঁর জানাযাকে –তৎকালীন যুগে ‘বাগে বাবেলান’ নামক স্থানে- দাফন করে। যা বর্তমানে পবিত্র কোম নগরীর প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।#