২৪ অক্টোবর ২০১১ - ২০:৩০

বর্তমানে আলজেরিয়াতে অবস্থানরত মুয়াম্মার গাদ্দাফী’র পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে, তারা পারস্য উপসাগরীয় কোন দেশে না যেয়ে দক্ষিন আফ্রিকায় যাবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গাদ্দাফী পরিবারের কাছের এক সূত্র আলজেরিয়ার আল শারক পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন যে, গাদ্দাফী’র পরিবার বর্তমানে আলজেরিয়াতে অবস্থান করছে।

ঐ দৈনিকে লেখা হয়েছে যে, তার পরিবারের যে সকল সদস্য বর্তমানে আলজেরিয়ায় অবস্থান করছেন তারা হলেন; গাদ্দাফী’র স্ত্রী সাফিয়াহ, তার কন্যা আয়েশা, হানিবাল ও মুহাম্মাদ গাদ্দাফী। তারা শীঘ্রই দক্ষিন আফ্রিকায় গমন করবেন। যদিও এ সূত্র তাদের গমনের তারিখ সম্পর্কে কোন কিছু জানায়নি। দক্ষিন আফ্রিকায় যাওয়ার সিদ্ধান্ত গাদ্দাফী’র পরিবার নিজেই গ্রহণ করেছে নাকি আলজেরিয়া সরকার তাদেরকে এ প্রস্তাব দিয়েছে এ সম্পর্কে ঐ সূত্র জানিয়েছে যে, গাদ্দাফী পরিবার নিজেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। গাদ্দাফী পরিবার অবস্থানের জন্য সিরিয়া এবং দক্ষিন আফ্রিকা এ দু’টি দেশকে বেছে নিয়েছিলেন, কিন্তু গাদ্দাফী পরিবারের খুব কাছের কিছু লোক তাদেরকে সিরিয়ায় না গিয়ে দক্ষিন আফ্রিকায় যাওয়ার পরামর্শ দিলে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এ তথ্য এমতাবস্থায় প্রকাশিত হল যখন সম্প্রতি ঘোষণা করা হয়েছে আলজেরিয়া গাদ্দাফী পরিবারকে স্থানান্তরিত করার জন্য পারস্য উপসাগরীয় কোন একটি দেশের সাথে আলোচনা করেছে। কিন্তু আলজেরিয়া সরকারের নির্দেশ অমান্য করে গাদ্দাফী কন্যা আয়েশা গাদ্দাফী একটি বিদেশী মিডিয়াকে সাক্ষাত্কার দেয়ার পর আলজেরিয়া ও গাদ্দাফী পরিবারের মধ্যকার সম্পর্কের অবনতি হয়।

গাদ্দাফী পরিবার কর্তৃক পারস্য উপসাগরীয় কোন দেশে অবস্থানের বিষয়টি নাকচ হওয়ার বিষয়ে উক্ত সূত্র জানিয়েছে যে, ঐ দেশটি গাদ্দাফী’র পুত্রকে আশ্রয় দিতে চায় নি। কিন্তু দক্ষিন আফ্রিকা কোনরকম শর্ত সাপেক্ষ ছাড়াই গাদ্দাফী পরিবারের সকল সদস্যকে অবস্থানের অনুমতি দিয়েছে, এ কারণেই তারা দক্ষিন আফ্রিকায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।#