আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আয়াতুল্লাহ হাজ্ব শেইখ মুহাম্মাদ শাহ আবাদী ছিলেন কোম শহরের হাওযা ইলমিয়্যাহ (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) –এর দরসে খারিজ দানকারী উস্তাদদের অন্যতম। তিনি আজ সকাল বার্ধক্যজনিত কারণে ইহধাম ত্যাগ করেন। তিনি হযরত ইমাম খোমেনী (রহ.) এর ইরফান শাস্ত্র চর্চার উস্তাদ আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী শাহ আবাদী (রহ.) এর সন্তান। তিনি কিছুদিন পূর্বে অসুস্থ হয়ে তেহরানের একটি হাসপাতালে ভর্তি হন। আজ (৭ই জানুয়ারী) সকালে তেহরানের মাসীহ মুহাজেরী হাসপাতালে তিনি ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আয়াতুল্লাহ মুহাম্মাদ শাহ আবাদী ইরানি বর্ষের ১৩০৫ সালে (১৯২৭ খ্রিষ্টাব্দে) তেহরানে জন্মগ্রহণ করেন। তিনি পবিত্র কোম নগরীতে যেয়ে ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি আয়াতুল্লাহ আল উজমা বুরুজারদী, আয়াতুল্লাহ আল উজমা আরাকী, আয়াতুল্লাহ আল উজমা গুলপায়গানী, আয়াতুল্লাহ আল উজমা মুহাক্কেক দামাদ, আয়াতুল্লাহ আল উজমা হযরত ইমাম খোমেনী (রহ.) এর সান্নিধ্যে ফিকাহ ও উসুল শাস্ত্রের উপর দরসে খারিজে পড়াশুনা করেন।
মরহুমের জানাযা আগামীকাল সকাল ৯টায় তেহরানের পামিনার স্ট্রীটে অবস্থিত আয়াতুল্লাহ শাহ আবাদী মসজিদ হতে উত্তোলিত হবে। পবিত্র কোম নগরীতে অবস্থিত হযরত ফাতেমা মাসুমা (সা. আ.) এর হেরেম শরিফে দাফনের জন্য তার লাশ এ শহরে স্থানান্তরিত করা হবে। তার ইসালে সওযাবের মজলিশ আগামীকাল মাগরীব ও এশার নামাযান্তে কোম শহরে হযরত ফাতেমা মাসুমা (সা. আ.) এর মাজার সংলগ্ন মসজিদে আযামে অনুষ্ঠিত হবে।#