১৯ সেপ্টেম্বর ২০১২ - ০১:৪৩

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন পাসের আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা আবনা : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন পাসের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, হযরত ইব্রাহিম (আ.) থেকে আসা তিন ধর্ম- ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অবমাননার বিরুদ্ধে এ আইন পাস করা উচিত। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে অন্তত পাঁচ লাখ লোকের এক বিশাল সমাবেশে ভাষণে তিনি এ আহ্বান জানান। গত নয় মাসের মধ্যে এই প্রথম তিনি জনসমক্ষে আসলেন।

মহানবী (স.)-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র তৈরির প্রতিবাদে হিজবুল্লাহ লেবাননে যে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে তার অংশ হিসেবে গতকাল ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগের দিনও সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ টিভি স্ক্রিনের মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন।

গতকালের সমাবেশে হাসান নাসরুল্লাহ বলেন, বিশ্বে ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন না থাকায় এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন করার জন্য তিনি আরব দেশগুলোর শাসকদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

ইন্টারনেট থেকে ইসলাম অবমাননাকর ওই চলচ্চিত্রের অংশ বিশেষ বা ভিডিও ক্লিপ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর ব্যত্যয় হলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ার করে দেন।#

(সূত্র : রেডিও তেহরান)