২ অক্টোবর ২০১২ - ২০:৩০

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘন্টায় তালেবান সন্ত্রাসী দলের ২৪ জন সদস্য নিহত এবং ৩০ জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে লুগার প্রদেশ হতে হাক্কানী সন্ত্রাসী দলের একজন নেতাও রয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগান কর্মকর্তারা গতকাল মঙ্গলবার (২রা অক্টোবর) ঘোষণা করেছেন যে, ন্যাটো ও আফগান বাহিনী’র যৌথ অভিযানে গত ২৪ ঘন্টায় (সোমবার) এদেশের বিভিন্ন অঞ্চলে ২৪ জন তালেবান সদস্য নিহত হয়েছে।

আফগান ও ন্যাটো বাহিনী গত সোমবার ২৪ ঘন্টার মধ্যে কাবুল, নাঙ্গারহার, লাগমান, উরুযগান, কান্দাহার, ভারদাক, লুগার, গজনী, খুস্ত ও হোলমান্দ প্রদেশে ১০টি অভিযান চালায়। এ অভিযানসমূহে ১৪ জন তালেবান সন্ত্রাসী নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে।

আফগান ও ন্যাটো বাহিনী তালেবান সন্ত্রাসীদের কাছ থেকে এ সময় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে অভিযান পরিচালনাকারী যৌথবাহিনী’র ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। গত সোমবার (১লা অক্টোবর) রাতে কান্দাহারে দক্ষিন অঞ্চলে একটি বোমা বিস্ফোরণে ১১ জন তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার যৌথ বাহিনী ঘোষণা করেছে যে, গত ২৬শে সেপ্টেম্বর ২ জন মার্কিন সৈন্য নিহত হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হাক্কানী সন্ত্রাসী দলের অন্যতম এক নেতাকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুগার প্রদেশ হতে গ্রেপ্তার করা হয়েছে।

এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হাক্কানী সন্ত্রাসী দল আফগানিস্তানের পূর্বাঞ্চলী প্রদেশসমূহ এবং কাবুল শহরে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালায়। বিস্ফোরণ, আত্মঘাতী হামলা এবং গন্যমান্য ব্যক্তিত্ব ও আফগান সৈন্যদের হত্যার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।#