বার্তা সংস্থা আবনা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন। ওবামা এমন সময় এ ঘোষণা দিলেন যখন মার্কিন সিনেট ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
গতকাল (শুক্রবার) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, “ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। তাছাড়া, ১৯৮১ সালের জানুয়ারিতে তেহরানের সঙ্গে করা চুক্তি এখনও বাস্তবায়ন হয়নি। এ কারণে আমি ১৯৭৯ সালে ইরানের ওপর জারি করা জরুরি অবস্থা ২০১২ সালের ১৪ নভেম্বরের পরও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছি।
ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ১৯৭৯ সালের ১৪ই নভেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা জারি করেন। পরবর্তী মার্কিন সরকার গত ৩৩ বছর ধরে এ নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
এদিকে, বারাক ওবামা ইরানের ওপর নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন এ পদক্ষেপে তেহরানের পরমাণু কর্মসূচী স্থগিত হওয়ার আগ পর্যন্ত অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
নিষেধাজ্ঞা আরোপকারী এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানের ওপর অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা দেশটিকে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা কবলিত অঞ্চলে’ পরিণত করবে।
চলতি বছরের শুরুতে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের তেল ও অর্থনৈতিক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে কয়েকটি দেশে ইরানের তেল বিক্রি ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ হয়ে যায়।
গত ১৫ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ওপর আরো এক দফা নিষেধাজ্ঞা আরোপ করে।
পশ্চিমা বলদর্পী শক্তিগুলো ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে ভ্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে যাচ্ছে।
তেহরান পশ্চিমাদের এসব অভিযোগকে অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচী শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত ও প্রকল্প পরিদর্শন আইএইএ’র সকল সদস্যের জন্য উন্মুক্ত।#রেডিও তেহরান