বার্তা সংস্থা আবনা : প্রশিক্ষণের নামে আফ্রিকার ৩৫টি দেশে মার্কিন সেনা পাঠানো হচ্ছে। এসব সেনা স্থানীয় সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে বলে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন দাবি করছে।
খবরে জানানো হয়েছে- আগামী বছরের শুরুর দিকে প্রশিক্ষণ কর্মসূচি চালু হবে। আর এ কাজ করবে 'ড্যাগার ব্রিগেড' নামে একটি সেনাদল যাতে সদস্য থাকবে সাড়ে তিন হাজার। মার্কিন সেনারা আফ্রিকার উল্লেখযোগ্য যেসব দেশে যাবে তার মধ্যে রয়েছে লিবিয়া, সুদান, আলেজেরিয়া, কেনিয়া, উগান্ডা এবং নাইজার।
এবারই প্রথম এ ধরনের মার্কিন সেনা ব্রিগেড আফ্রিকায় মোতায়েন করা হচ্ছে। তবে, তা মার্কিন কংগ্রেস কিংবা জনগণের মতামত নিয়ে করা হচ্ছে না।
আমেরিকার ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট রিলে থেকে সেনারা আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা দেবে এবং বিভিন্ন দেশে ভাগ হয়ে পড়বে যাতে বোঝা না যায় যে, বহুসংখ্যক মার্কিন সেনা কোনো দেশে প্রবেশ করছে। এ ব্রিগেডের হাতে ড্রোন পরিচালনার ক্ষমতাও থাকবে। এসব সেনা অন্তত একশ' ধরনের কাজে অংশ নেবে।
মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডেভিড রোদ্রিগেজ জানিয়েছেন, যদি কোনো অভিযানের প্রয়োজন হয় তাহলে তার জন্য তারা প্রস্তুত থাকবে। তার এ বক্তব্যের পর আফ্রিকা মহাদেশে মার্কিন সেনাদের অযাচিত হস্তক্ষেপের আশঙ্কা বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।
আফ্রিকা অঞ্চলের বহুসংখ্যক দেশে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন, বিশ্বে দিন দিন যে মার্কিন-বিরোধী মনোভাব তৈরি হচ্ছে তা নিয়ন্ত্রণের পরিকল্পনা থেকে এ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। এ ছাড়া, দিন দিন আফ্রিকা অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে; তা মোকাবেলা করাও বড় লক্ষ্য হতে পারে।#রেডিও তেহরান