ইরানবার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র বানিয়েছে। যুদ্ধজাহাজ বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্রকে আরো নির্ভুলভাবে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা দিয়েই বানানো হয়েছে। এ ছাড়া, এ ক্ষেপণাস্ত্রের পাল্লাও বাড়ানো হয়েছে।
ইমাম খোমেনি মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের এসব উন্নয়ন করা হয়েছে।
এর আগেই ইরানের নৌবাহিনীকে স্বল্প ও মধ্যম পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয়া হয়েছে। এখন নতুন এ ক্ষেপণাস্ত্র যোগান দেয়ার ফলে সমুদ্রে অবস্থানরত ইরানের নৌশক্তির কার্যকারিতা অনেক বেড়ে যাবে।
ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, নতুন এ ক্ষেপণাস্ত্র সব যুদ্ধ জাহাজ ও জলযানে মোতায়েন করা যাবে এবং খুব শিগগিরি এ ক্ষেপণাস্ত্র নৌবাহিনীকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হবে।
গতকাল (মঙ্গলবার) ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এর একদিন পর এ ঘোষণা দেয়া হলো। ইরানি নৌবাহিনী দশ লাখ কিলোমিটার এলাকায় এবার সপ্তাহব্যাপী মহড়া চালাচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত এ মহড়া চলবে।#রেডিও তেহরান