বার্তা সংস্থা আবনা : মিশরে পুলিশ ও বিক্ষোভকারী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। রাজধানী কায়রোর উত্তর এলাকায় ওই সংঘর্ষ হয়।
পুলিশের গুলিতে দুর্ঘটনাক্রমে এক ব্যক্তি নিহত হওয়ার পর ওই এলাকার জনগণ বিক্ষোভে নামে এবং এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে- মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের গুলিতে দুর্ঘটনাক্রমে অন্য এক ব্যক্তি নিহত হয়। নিহত বক্তির নাম মাহরুস মুহাম্মাদ মাহরুস এবং তিনি সে সময় বারান্দায় বসেছিলেন।
এ ঘটনার পর নিহত ব্যক্তির আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী বিক্ষোভে নামে এবং তারা থানা ঘেরাও করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এবং পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।
বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কায় ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।#রেডিও তেহরান