বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে- সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা মানেই ইরান ও তার মিত্রদের ওপর হামলা।
ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি তেহরানের পক্ষে এ ঘোষণা দিয়েছেন। এ ছাড়া, ২০০৬ সালে লেবাননে ৩৩ দিনের যুদ্ধের সময় হিজবুল্লাহকে অস্ত্র ও রসদ সরবরাহ করার জন্য সিরিয়ার প্রশংসা করেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন ড. বেলায়েতি।
তিনি বলেন, "সিরিয়া মধ্যপ্রাচ্যে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে খুবই মৌলিক ভূমিকা রেখে চলেছে। পশ্চিমা ও আঞ্চলিক যেসব প্রতিক্রিয়াশীল দেশ ইহুদিবাদী ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলনের বিরোধিতা করে তারাই সিরিয়ার ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে "প্রতিরোধের সোনার চেইন" ভেঙে দিতে চায়।
ইরানের এ শীর্ষস্থানীয় কর্মকর্তা পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, ইসরাইল-বিরোধী ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলন, সিরিয়া এবং ইরাকের জনপ্রিয় সরকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে। প্রতিরোধ আন্দোলনের এ চেইন ধরে রাখাই এখন লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।#রেডিও তেহরান