বার্তা সংস্থা আবনা : মিশরের পোর্ট সাঈদ শহরে ২১ ব্যক্তির বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়কে কেন্দ্র করে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে দু'শ'রও বেশি মানুষ। নিহতদের মধ্যে দুই পুলিশ রয়েছে। এ ছাড়া, আহতদের মাঝে রয়েছে বহু সংখ্যক পুলিশ; অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পোর্ট সাঈদ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। রাস্তায় রাস্তায় সেনাসদস্যরা টহল দিচ্ছে। দাঙ্গা ছড়িয়ে পড়েছে সুয়েজ খাল এলাকায়ও।
আজ (শনিবার) আদালতে রায় ঘোষণার পরপরই আসামিরা যে কারাগারে আটক রয়েছে সেখানে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনরা হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি মারাত্মক সহিংস হয়ে ওঠে এবং গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদা পোষাকের লোকজন গুলি চালিয়েছে।
গত বছরের পহেলা ফেব্রুয়ারি পোর্ট সাঈদের একটি স্টেডিয়ামে ফুটবল খেলার সময় সংঘটিত দাঙ্গায় জড়িত থাকার দায়ে ওই ২১ ব্যক্তিকে মিশরের আদালত আজ ফাঁসির রায় দেয়। মামলার বাকি ৫২ জনের বিরুদ্ধে রায় হবে চলতি বছরের ৯ মার্চ।
২০১২ সালের দাঙ্গায় ৭৪ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছিল। ওই ঘটনায় মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের অনুসারিরা জড়িত ছিল বলে তখন খবর বের হয়েছিল। আল-মারসি ক্লাবের বিজয়ের পর পরাজিত ক্লাব আল-আহলি'র সমর্থকদের ওপর হামলা হয়। মুবারক সমর্থকরা তখন উস্কানি দিয়ে সংঘর্ষ বাধায়।
তবে, আজকের রায়ই শেষ কথা নয়। রায় কার্যকরের আগে মিশরের গ্র্যান্ড মুফতির কাছ থেকে তার অনুমোদন হতে হবে যদিও তা অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র। অবশ্য, চূড়ান্তভাবে রায় বাস্তবায়নের জন্য কয়েক বছর লাগতে পারে। কারণ আসামিরা আদালতে আপিল করার সুযোগ পাবে।#রেডিও তেহরান