বার্তা সংস্থা আবনা : 'কাহের-৩১৩' নামে একটি অত্যাধুনিক জঙ্গিবিমান উদ্বোধন করেছে ইরান। বলা হচ্ছে- এ বিমান মার্কিন নির্মিত এফ এ-১৮ জঙ্গিবিমানের সমকক্ষ। ফার্সি কাহের শব্দের অর্থ হচ্ছে 'বিজয়ী'।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লব বার্ষিকীর আলোকোজ্জ্বল দশ প্রভাত উপলক্ষে আজ (শনিবার) প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ এ বিমান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি, বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহ সাফি এবং ইরানের সেনা কমান্ডার মেজর জেনারেল আতাউল্লাহ সালেহি।
উন্নত এ বিমানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ইরানের সামরিক শক্তি কোনো দেশের জন্য হুমকি নয় কিংবা কোন দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর উদ্দেশ্যে এ শক্তি বাড়ানো হচ্ছে না। তিনি জানান, এক আসনের কাহের-৩১৩ বোমারু বিমানের নকশা ও বিমান তৈরির কাজ ইরানি বিশেষজ্ঞরাই করেছেন।
ইরান সাম্প্রতিক বছরগুলো সামরিক খাতে ব্যাপক উন্নতি লাভ করেছে। এর আগে ইরান আজারাখ্শ বা বিজলি যুদ্ধবিমান এবং সাইকেহ বা বজ্র নামের দু'ধরনের বিমান তৈরি করেছে।#রেডিও তেহরান