১৮ ফেব্রুয়ারি ২০১৩ - ১৬:৩০

পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে দেশটির দক্ষিন অঞ্চলের বেশ কয়েকটি শহরে আজ (সোমবার, ১৮ই ফেব্রুয়ারী) হরতাল পালিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত শনিবার -১৬ই ফেব্রুয়ারী- পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে এদেশের দক্ষিন অঞ্চলের বেশ কয়েকটি শহরে আজ হরতাল পালিত হয়েছে। উক্ত হামলায় ২৫০ জনেরও বেশী লোক হতাহত হয়।

পাক গণমাধ্যম জানিয়েছে যে, প্রতিবাদী জনতা উক্ত বিস্ফোরণের প্রতিবাদে কোয়েটা ও করাচী শহরের বিভিন্ন স্কুল ও দোকান-পাট বন্ধ রাখে। পাকিস্তানের দক্ষিন অঞ্চলের বেশ কয়েকটি রুটে বাস চলাচলও বন্ধ ছিল।

এদিকে অপর এক প্রতিবেদনে বলা হয়েছে যে, উক্ত বিস্ফোরণে নিহতদের স্বজনরা নিহতদের লাশ দাফন না করে তা সড়কে রেখে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের দাবী পূরণ না করা অবধি তারা লাশ দাফন করবে না বলে তারা ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের হাজারা গোত্রের এক নেতা বলেছেন : এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা ঘোষণা করেছে যে, কোয়েটা শহরের নিয়ন্ত্রণ সামরিক বাহিনী’র হাতে তুলে দিতে হবে –এ শীর্ষক তাদের দাবী যদি পূরণ না করা হয় তবে তারা নিহতদের লাশ দাফন না করে বিক্ষোভ ও হরতাল অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ১০ই জানুয়ারী হাজারা গোত্রের শিয়াদের উদ্দেশ্যে চালানো অপর এক হামলায় ১২০ জনের প্রাণহানী ঘটেছিল।#