১৮ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
পারভেজ মুশাররফ গ্রেফতার

পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফকে গ্রেপ্তারের পর সাব-জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বার্তা সংস্থা আবনা : পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফকে গ্রেপ্তারের পর সাব-জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ (শুক্রবার) সকালে রাজধানী ইসলামাবাদের নিজ বাসভবন থেকে ৬৯ বছর বয়সী সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ইসলামাবাদের বিচারিক হাকিম রাজা আব্বাস শাহর আদালতে হাজির করা হয়। আদালতে শুনানি চলাকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “মুশাররফকে রিমান্ডে নেয়ার দরকার নেই, বিচারিক হেফাজতে নিলেই চলবে।” শুনানি শেষে আদালত মুশাররফকে সাব-জেলে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে আগামী দুই দিনের মধ্যে তাঁকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করারও নির্দেশ দেয়া হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী রাজধানীর চক শাহজাদের নিজ বাড়িতে ৪৮ ঘণ্টা বন্দী থাকবেন মুশাররফ। এ সময় ওই বাড়িটি সাব-জেল হিসেবে ব্যবহৃত হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে ইসলামাবাদ হাইকোর্ট মুশাররফের অন্তর্বর্তী জামিন বাতিল করে এবং তাকে গ্রেফতারের আদেশ দেয়। আদালতের এ আদেশকে তার দল ‘অল পাকিস্তান মুসলিম লীগ’ পক্ষপাতমূলক বলে মন্তব্য করে।

২০০৭ সালের ৩ নভেম্বর পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মাদ চৌধুরীসহ ৬০ বিচারককে আটকের মামলায় মুশাররফের জামিন বাতিল করে সকালে গ্রেফতারের আদেশ দেন বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি।