আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল শুক্রবার -২৬শে এপ্রিল- পাকিস্তানের করাচীতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং ৩০ এরও অধিক ব্যক্তি আহত হয়েছে।
পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা ‘বশির জান’ ঐ সমাবেশে বক্তৃতাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে যে, বোমা একটি গাড়ীতে পেতে রাখা হয়েছিল এবং দূর হতে রিমোর্টের মাধ্যমে তার বিস্ফোরণ ঘটানো হয়।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং রেসকিউ গ্রুপসমূহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করেছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে আহত ৫ জনের অবস্থা আশংকাজনক।
বিস্ফোরণের তীব্রতা এত বেশী ছিল যে, সমাবেশ স্থল পরিপূর্ণরূপে ভেঙ্গে গেছে এবং ৮ গাড়ী ধ্বংস হয়ে গেছে। এর সাথে সাথে বিস্ফোরণ স্থলের পাশের ভবনসমূহের কাঁচ ভেঙ্গে গেছে।
এদিকে বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ‘আসিফ আলী জারদারী’ ও অস্থায়ী প্রধানমন্ত্রী ‘মীর হাজার খান খুসু’।
উর্দু ভাষায় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
গত সপ্তাহে এটা নিয়ে করাচীতে তিনটি নির্বাচনী সমাবেশে হামলার ঘটনা ঘটলো। পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন আগামী ১১ই মে অনুষ্ঠিত হবে।