২৭ এপ্রিল ২০১৩ - ১৬:১২
আফগানিস্তানে দু’জন তালেবান কমান্ডার নিহত

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে তালেবান জঙ্গীদের সাথে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের এক সংঘর্ষের পর দু’জন কমান্ডারের লাশ ফেলে পালিয়ে গেছে তালেবান জঙ্গীরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের ‘কারাম কুল’ জেলার প্রশাসক ‘মিরভিস দাউদ যাই’ আজ শনিবার -২৭শে এপ্রিল- আফগানিস্তানের গণমাধ্যমকে জানিয়েছেন : কারাম কুল অঞ্চলে এক সংঘর্ষের পর তালেবান কমান্ডার ‘ক্বারী শফিক’ ও ‘হাজী গোলদি’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন : গতরাতে তালেবান জঙ্গীরা ‘আলি বুলাক’ অঞ্চলে আফগান নিরাপত্তা বাহিনী ও পুলিশের উপর হামলা চালানোর ফলে সৃষ্ট সংঘর্ষে নিহত হয় তালেবান এ দুই কমান্ডার।

প্রতিবেদনে বলা হয়েছে যে, ঐ সংঘর্ষ গতকাল বিকেলে শুরু হয় এবং মধ্যরাত অবধি অব্যাহত ছিল। অবশেষে তালেবান জঙ্গীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

বলা হচ্ছে যে, গতরাতের সংঘর্ষের পর তালেবান জঙ্গীরা বিক্ষিপ্তভাবে রকেট নিক্ষেপের মাধ্যমে কারম কুল জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তালেবানের পক্ষ হতে এ সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে ফারিয়াব প্রদেশের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা, কারাম কোল অঞ্চলে তালেবানের স্বঘোষিত কমান্ডার ক্বারী খাইরুল্লাহসহ ৪ জন তালেবান জঙ্গী নিহত হওয়ার কথা ঘোষণা করেছিলেন।

কারাম কোল জেলাটি ফারিয়াব প্রদেশের অন্তর্ভুক্ত এবং তুর্কমেনিস্তান সীমান্তে অবস্থিত।