বার্তা সংস্থা আবনা : সম্প্রতি গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সামরিক যানে হামলার প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ওই হামলা ছিল তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব। তিনি এ হামলার সিদ্ধান্তকে সঠিক বলে অভিহিত করেন।
গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে এ কথা জানিয়ে বাশার জাফারি আরো বলেছেন, সিরিয়া শুধু তার আত্মরক্ষার অধিকার চর্চা করেছে এবং আবার সার্বভৌমত্ব লঙ্ঘন হলে ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনে তার দেশ তাতক্ষণিকভাবে এ ধরনের জবাব দেবে।
বাশার জাফারি তার চিঠিতে সে দিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, “গত ২১ মে রাত ১টা ১০ মিনেটের সময় ইসরাইলের ওই সামরিক যান যুদ্ধবিরতি রেখা পেরিয়ে বির আজম গ্রামের দিকে আসছিল যে গ্রামের অবস্থান সিরিয়ার স্বাধীন ভূখণ্ডের ভেতরে। ওই গ্রামে বিদেশি মদদুপষ্ট বিদ্রোহীদের সশস্ত্র অবস্থানের কথা জানতে পেরে সিরিয়ার সেনাবাহিনী ইসরাইলি সামরিক যানে হামলা চালায়।” এ হামলার পর ইসরাইলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে দু’টি রকেট ছোঁড়ে তবে সিরিয়ার সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে।