৩ জুন ২০১৩ - ১৯:৩০
সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এস-৩০০ : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, অত্যাধুনিক এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

বার্তা সংস্থা আবনা :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, অত্যাধুনিক এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

একই সঙ্গে সিরিয়ায় যে কোনো সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, এ ধরনের তত্‌পরতা সেখানকার বিরাজমান পরিস্থিতির আরো  অবনতি ঘটাবে।

ইয়েকাতেরিংবার্গে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনেই দামেস্ককে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হচ্ছে। পুতিন বলেন, এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। রুশ প্রেসিডেন্ট বলেন, বিশ্বের এ ধরনের অস্ত্রের মধ্যে সম্ভবত এস-৩০০ই সেরা। এটি একটি মারাত্মক অস্ত্র।

মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বিনষ্ট হয়ে যাক তা রাশিয়া চায়না বলেও জানান তিনি। তিনি বলেন, অত্যাধুনিক এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দামেস্কের হাতে থাকলে ‘গরম মাথার কেউ কেউ’ হয়ত আর সিরিয়ায় ঢুকতে চাইবে না।

পুতিন আরো বলেন, সিরিয়ায় আগামীতে কোনো বিদেশি হস্তক্ষেপ ঘটলে তা ব্যর্থ হবে। একই সঙ্গে সিরিয়া সরকারের বিরুদ্ধ লড়াইরত বিদ্রোহীদের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেন তিনি।