১৫ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
রুহানির সঙ্গে আমার চিঠি আদান-প্রদান হয়েছে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে তার চিঠি আদান-প্রদান হয়েছে।

বার্তা সংস্থা আবনা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে তার চিঠি আদান-প্রদান হয়েছে। মার্কিন নিউজ চ্যানেল এবিসি’কে দেয়া সাক্ষাতকারে এ দাবি করেছেন তিনি।

ওবামা বলেন, প্রেসিডেন্ট রুহানির সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছে; “তবে আমরা সরাসরি কোনো কথা বলিনি।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু ইস্যু নিরসনের যে সম্ভাবনা রয়েছে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তির ফলাফল সে আভাস দিচ্ছে।

ওবামা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার চুক্তির প্রতি ইঙ্গিত করেছেন। এ চুক্তি মোতাবেক সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক নজরদারিতে তুলে দেয়া হবে এবং ২০১৪ সালের মাঝামাঝি তা ধ্বংস করে ফেলা হবে।

ইরানের প্রেসিডেন্ট রুহানি এর আগে বলেছেন,  নিজের পরমাণু অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড়ও  দেবে না তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের মিত্ররা অভিযোগ করছে,  পরমাণু বোমা তৈরির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। কিন্তু তেহরান এ জাতীয় অভিযোগ পরিষ্কার ভাষায় নাকচ করে দিয়েছে। পরমাণু কর্মসূচির ক্ষেত্রে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে ইরান বলছে, এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র সদস্য হিসেবে শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে।

এ ছাড়া, আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে অসংখ্যবার পরিদর্শন চালিয়েও পরমাণু বোমা তৈরির কোনো প্রমাণ বা আলামত খুঁজে পায়নি।