২৩ সেপ্টেম্বর ২০১৪ - ১৫:২৪
হামলার আগে সিরিয়াকে তথ্য দিয়েছে আমেরিকা

সিরিয়ায় তৎপর তাকফিরি গোষ্ঠী আইএসআইএল’র অবস্থানে হামলা শুরুর আগে সিরিয়াকে তথ্য দিয়েছে আমেরিকা।

আবনা : সিরিয়ায় তৎপর তাকফিরি গোষ্ঠী আইএসআইএল’র অবস্থানে হামলা শুরুর আগে সিরিয়াকে তথ্য দিয়েছে আমেরিকা।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে এ কথা বলেছে আর দেশটির সরকারি গণমাধ্যম এ খবর তুলে ধরেছে। খবরে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধিকে আমেরিকা জানিয়েছে যে, সিরিয়ার রাক্কা প্রদেশে আইএসআইএল অবস্থানে বিমান হামলা হবে।
এর আগে, আগস্ট মাসের শেষ দিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম সতর্ক করে বলেছিলেন, দামেস্কের সঙ্গে সমন্বয় না করে কোনো ধরনের হামলা হলে তাকে আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে গণ্য করা হবে। এ ধরনের হামলা থেকে বিরত থাকতে তিনি আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিলেন।
তিনি সে সময় এও বলেছিলেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সিরিয়া।#