৮ ফেব্রুয়ারি ২০১৫ - ০১:৩৪
MIT প্রধানের পদত্যাগ

হাকান ফিদান –যুক্তরাষ্ট্র যাকে নতুন মধ্যপ্রাচ্যের পরিচিত মুখ বলে পরিচয় করিয়েছিল এবং সিরিয়ার সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছিল- গতকাল শুক্রবার তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (MIT) প্রধান গত শুক্রবার তার পদত্যাগ পত্র এদেশের প্রধানমন্ত্রী আহমাদ দাউদ উগলু’র নিকট হস্তান্তর করেছেন।
সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে এ পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করলেও সিরিয়া সরকার পতনে ব্যর্থ হওয়ার বিষয়ে তার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তুরস্ক সরকারপন্থী ‘ডেইলি সাবাহ’ ফিদানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে লিখেছে, দাউদ উগলু ফিদানের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। এ প্রতিবেদনের ভিত্তিতে ফিদানের পদত্যাগ আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
২০১০ সালে তুরস্কের তত্কালীন প্রধানমন্ত্রী রাজাব তায়েব এর্দোগান তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে ফিদানকে নিয়োগ দেন। সিরিয়া সংকটের ৪ বছর পর অনেকে মনে করছেন দামেস্ক সরকার পতনে তুরস্কের পরিকল্পনার ব্যর্থতার জন্য মূলতঃ ফিদানই দায়ী।
তুরস্ক ও ইরাকের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ‘জেমস জাফরি’ তত্কালীন সময়ে ওয়ালস্ট্রিটকে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন : ‘নতুন মধ্যপ্রাচ্যের পরিচিত মুখ হচ্ছে হাকান। তার সাথে কাজ করতে হবে, কেননা সে আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে।
ওয়ালস্ট্রীট তত্কালীন সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান বান্দার বিন সুলতান, ইরানের সিপাহে কুদসের প্রধান জেনারেল কাসেম সোলায়মানি’র পাশাপাশি ফিদানকে মধ্যপ্রাচ্যের ৩ শক্তিধর ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছিল।
মার্কিন দৈনিকটি গতবছর প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করেছিল যে, সিরিয়া সরকারের পতনের বিষয়ে বান্দার বিন সুলতানও মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাথে সহযোগিতা করছে।
কিন্তু সিরিয়ার সরকারের পতন ঘটাতে ব্যর্থ হওয়ায় কিছুদিন পূর্বে তাকেও তার সর্বশেষ পদ থেকে বরখাস্ত করেছেন সৌদি আরবের নতুন রাজা।#