২৭ ফেব্রুয়ারি ২০১৫ - ১০:১১
৩০ জন হাজারা শিয়াকে অপহরণ করেছে অস্ত্রধারীরা

কালো পোশাক পরা অজ্ঞাত মুখোশধারী অস্ত্রধারীরা আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের ৩০ জন শিয়া মুসলিমকে অপহরণ করেছে। অপহৃতরা ইরান থেকে দেশে ফিরছিলেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : স্থানীয় এক কর্মকর্তারা গত মঙ্গলবার ঘোষণা করেছেন, অস্ত্রধারীরা দু’টি বাস থেকে হাজারা সম্প্রদায়ের ৩০ জন আফগানকে অপহরণ করেছে। যাবোল অঞ্চলের শাহজোই এলাকার কর্মকর্তা আব্দুল খালিল আইয়ুবি জানিয়েছেন : অপহৃতরা গত সোমবার রাতে শাহজোই অঞ্চলে হেরাত-কাবুল হাইওয়ে থেকে অপহৃত হন। তারা কাবুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
আব্দুল খালিল আইয়ুবি বলেন : প্রাথমিক রিপোর্টে জানা গেছে, অস্ত্রধারীরা কালো পোশাক ও মুখোশ পরে ছিল। স্থানীয় জনগণ জানিয়েছে, মুখোশধারী ঐ ব্যক্তিরা নিজেদের মাঝে অপরিচিত কোন ভাষায় কথা বলছিল। কান্দাহার প্রদেশের এক কর্মকর্তাও বলেছেন, অজ্ঞাত অস্ত্রধারীরা সোমবার সন্ধ্যায় ‘গজনি পেইমা’ কোম্পানির দু’টি বাস থামিয়ে বাসের যাত্রীদেরকে অপহরণ করেছে।
গজনি পেইমা কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, হাইওয়েতে আফগান সামরিক বাহিনী’র পোশাক পরা মুখোশধারী একদল ব্যক্তি তাদের বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র দেখতে চায়।
বাস কোম্পানির প্রতিনিধি নাসির বলেন : পরিচয়পত্র দেখার পর হাজারা সম্প্রদায়ের লোকদেরকে সাথে করে নিয়ে যায় অস্ত্রধারীরা। বাসের অবশিষ্ট যাত্রীরা দুই ঘন্টা যাবত ঘটনাস্থলে অপেক্ষা করলেও দুই ঘন্টার মধ্যে কোন পুলিশ বা সামরিক বাহিনী’র সদস্য ঐ স্থান দিয়ে অতিক্রম করেনি। ঠিক দুই ঘন্টা পর সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং অবশিষ্ট যাত্রীদেরকে কাবুল ও কান্দাহারে নিয়ে যায়। বলা হচ্ছে, অপহৃতরা ইরানে অবস্থানরত আফগান উদ্বাস্তুদের আত্মীয়। তারা ইরান থেকে দেশে ফিরছিলেন।
উল্লেখ্য, কাবুল-কান্দাহার রুটটি আফগানিস্তানের অনিরাপদ রুটসমূহের অন্যতম। অস্ত্রধারী বিদ্রোহীদের তত্পরতা রয়েছে এ রুটে। ইতিপূর্বেও তারা যাত্রীবাহী গাড়ী থামিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দল বা ব্যক্তি এ অপহরণের দায়িত্ব স্বীকার করেনি।#