৩১ মার্চ ২০১৫ - ০৭:৪৭
শরণার্থী শিবিরে সৌদি বিমান হামলা: নিহত ৪৫, আহত ২০০

ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে সৌদি বিমান হামলায় নিরীহ নারী-শিশুসহ অন্তত ৪৫ জন নিহত এবং প্রায় ২০০ আহত হয়েছে।

আবনা : ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে সৌদি বিমান হামলায় নিরীহ নারী-শিশুসহ অন্তত ৪৫ জন নিহত এবং প্রায় ২০০ আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার রাতে উত্তর ইয়েমেনের হারাদহ্‌ শিবিরে এ হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা জানিয়েছে। খবরে বলা হয়েছে, পাঁচটি শিশুর লাশ ধ্বংসস্তূপের কাছে পড়ে থাকতে দেখা গেছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে, এ এলাকার শরণার্থী শিবিরগুলোতে আশ্রয়গ্রহণকারীরা মানবেতর পরিস্থিতিতে বসবাস করতে বাধ্য হচ্ছিল। বিমান হামলার পর শিবিরের পরিবেশের আরো অবনতি ঘটবে।

বৃহস্পতিবার থেকে বিনা ঘোষণায় ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব এবং তখন থেকে বেশির ভাগ হামলায় চালানো হয়েছে রাতে। হামলা চালাতে যেয়ে এ পর্যন্ত সৌদি জোটের অন্তত চারটি জঙ্গি বিমান ধ্বংস হয়েছে। এর মধ্যে তিনটি সৌদি আরবের এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের বলে জানা গেছে।#