২ নভেম্বর ২০১৬ - ০০:৪৭
ওআইসি মহাসচিবের পদত্যাগ

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি পদত্যাগ করেছেন।

আবনা ডেস্ক: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি পদত্যাগ করেছেন। গত সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করার দুই দিন পর তিনি ‘স্বাস্থ্যগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। তিনি ২০১৪ সাল থেকে সংস্থাটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
মাদানির পদত্যাগের পর সৌদি আরবের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ইউসুফ আল-উতায়মেনকে মহাসচিব পদের জন্য মনোনীত করা হয়েছে। মিসরও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।
মাদানি গত অক্টোবরে মিসরের প্রেসিডেন্ট সিসিকে এক সম্মেলনে বলেছিলেন, তাঁর ফ্রিজে এক দশক ধরে পানি ছাড়া আর কিছু নেই। সম্প্রতি ওই মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে ওআইসির মহাসচিব সিসির নামের সঙ্গে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ ইসেবসির নাম গুলিয়ে ফেলেন। আইয়াদ মাদানি বলেন, দুঃখিত মহামান্য প্রেসিডেন্ট বেজি সাইদ আল-সিসি। আপনার ফ্রিজে পানির বাইরে আরও কিছু রয়েছে।
এরপর মিসরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ সুকরি বলেন, মাদানির মন্তব্য সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে।
পরে ক্ষমা চেয়ে মাদানি বলেন, মিসরের নেতৃত্বের প্রতি অবমাননাকর মন্তব্য করতে চাননি তিনি।