৭ জানুয়ারি ২০১৭ - ১৬:৫৩
ইয়েমেনি বাহিনীর হামলায় ২০ সৌদি সেনা নিহত

ইয়েমেনের এক সুত্র আজ জানিয়েছে যে, সৌদি আরবের দক্ষিন অঞ্চলীয় নাজরান প্রদেশে একটি সৌদি সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। এতে ২০ জন সৌদি সেনা নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র আজ (শনিবার, ৭ জানুয়ারি) জানিয়েছে, নাজরানের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের গণ ও সেনাবাহিনী। এ হামলায় ২০ জন সৌদি সেনা নিহত এবং অপর ১৮ জন আহত হয়েছে।

ইয়েমেনের গোলন্দাজ বাহিনী গতকালও (শুক্রবার, ৬ জানুয়ারি) একই অঞ্চলের উপর গোলা বর্ষণ করেছিল। ঐ হামলাতেও বেশ কয়েকজন সৌদি সেনা নিহত হয়।

এদিকে, ইয়েমেনি বাহিনী আসির ও জিযান প্রদেশে সৌদি বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। এ সকল অভিযানে সৌদি আরবের দু’টি গাড়ী ধ্বংস এবং বহু সৌদি সেনা হতাহত হয়েছে।

ইয়েমেনের আবাসিক এলাকাগুলোর উপর সৌদি জোটের বিমান হামলার জবাবে এ সকল হামলা চালাচ্ছে ইয়েমেনের গণ ও সেনাবাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের ঐ সকল বিমান হামলায় বহু নারী ও শিশু প্রাণ হারিয়েছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সবচেয়ে অভাবগ্রস্থ দেশ হচ্ছে ইয়েমেন। দেশটি প্রায় দুই বছর ধরে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর বর্বর হামলার শিকার হচ্ছে প্রতিনিয়ত।

সৌদি আরবের এ সামরিক হস্তক্ষেপের কারণে এ নাগাদ ১১ হাজার বেসামরিক লোক নিহত, হাজার হাজার মানুষ আহত ও লক্ষ লক্ষ লোক ভিটে ছাড়া হয়েছে। এছাড়া দেশটির অবকাঠামো প্রায় ধ্বংসের পথে।

ইয়েমেন আগ্রাসনে মোটা অংকের অর্থ ব্যয় করলেও কিছুই হস্তগত করতে পারেনি সৌদি আরব। বিশেষজ্ঞদের মতে সৌদি আরব তার উচ্চাকাঙ্খার চোরাবালিতে আটকা পড়েছে।# আল-মাসিরাহ, ইরনা