১৬ জানুয়ারি ২০১৭ - ১৪:৪২
তাকফিরি সন্ত্রাসীদের হামলায় শিয়া মুসলিমের শাহাদাত

সিরিয়ার শিয়া অধ্যুষিত ফুয়াহ শহরে তাকফিরি সন্ত্রাসীদের হামলায় ‘আইমান জাওয়াদ’ নামের শহরের এক বাসিন্দা শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সন্ত্রাসীরা গতকাল (রোববার, ১৫ জানুয়ারি) সকালে সিরিয়ার ইদলিব প্রদেশের শিয়া অধ্যুষিত ফুয়াহ শহরকে লক্ষ্য করে ঐ হামলা চালায়।

সন্ত্রাসীরা গতকাল বানাশ ও আস-সাওয়াগিয়া এলাকা থেকে ৩৭টি শেল ফুয়াহ্ শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এছাড়া সন্ত্রাসী গ্রুপগুলোর স্নাইপাররা কাপুরুষোচিতভাবে এ শহরের শিয়া মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা অব্যাহত রেখেছে।

গতকাল ফুয়াহ শহরকে লক্ষ্য করে চালানো সন্ত্রাসীদের হামলায় ‘আইমান জাওয়াদ’ নামক এক শিয়া মুসলিম শহীদ হয়েছেন। এ হামলায় শহরের বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গেছে।

ফুয়াহ শহরকে লক্ষ্য করে রকেট ও মোর্টার শেল নিক্ষেপের বিষয়টি সন্ত্রাসীদের প্রতিদিনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। বিগত সপ্তাহগুলোতে সন্ত্রাসীদের হামলায় শিয়া অধ্যুষিত এ শহরের বহু লোক হতাহত হয়েছে।

ফুয়াহ ও কিফরিয়া শহর দু’টিতে প্রায় ৩০ হাজার শিয়া মুসলিম বসবাস করে। প্রায় ২২ মাস ধরে শহর দু’টিকে পরিপূর্ণরূপে অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসীরা।

উল্লেখ্য, সিরিয়ার মোট জনসংখ্যার শতকরা ১ থেকে ২ ভাগ শিয়া মুসলিমদের নিয়ে গঠিত। তাদের বেশিরভাগই দামেস্ক, আলেপ্পো, হোমস ও ইদলিব প্রদেশে বসবাস করে।#