আবনা ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুমোদন করে তা প্রকাশ করেছে। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার এপ্রিলের প্রথম দিন শনিবার হওয়ায় ২ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। সূচি অনুযায়ী, ১৫ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৬ থেকে ২৫ মে হবে ব্যবহারিক পরীক্ষা। গত বছর উচ্চ মাধ্যমিকের তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হয় অর্থাৎ ৬৮ দিনে এ পরীক্ষা নেওয়া হয়। এবার পরীক্ষার সময় কমিয়ে ৪৪ দিনে সূচি সাজানো হয়েছে। এ বছর এইচএসসি পরীক্ষার সময় কমেছে ২৪ দিন। এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সময় কমানো হয়েছে, আগামীতে এই সময় আরও কমিয়ে আনা হবে।
৩ ফেব্রুয়ারি ২০১৭ - ১৬:৪৪
News ID: 809197
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত।