৬ ফেব্রুয়ারি ২০১৭ - ০০:৪৬
বাগদাদে বোমা হামলা : ১২ জন হতাহত

বাগদাদে ৩টি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন ইরাকি আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের রাজধানী বাগদাদে গতকাল (রোববার, ৫ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।

বাগদাদের উত্তরাঞ্চলীয় ‘তারেমিয়া’ এলাকায় অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের অদূরে ঘটানো বিস্ফোরণে ১ ব্যক্তি শহীদ হন, এতে আহত হয়েছেন আরও ৪ জন।

অপর বিস্ফোরণটি বাগদাদের পাশ্চিমাঞ্চলীয় ‘আস-সাহওয়াহ’ এলাকা দিয়ে একটি বাস অতিক্রমের সময় ঘটানো হয়। বিস্ফোরণে বাসটির চালক শহীদ হন। এতে আহত হয়েছেন অপর ৩ পথচারী।

এরপূর্বে বাগদাদের পূর্বাঞ্চলীয় ‘আল-উবাদইদি’ এলাকায় একটি বিস্ফোরণের কথা ঘোষণা করা হয়েছিল। এতেও ৩ জন ইরাকি আহত হন।

প্রতিদিন ইরাকের রাজধানী বাগদাদের কোন না কোন অঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং এ ক্ষেত্রে মূলতঃ শিয়া প্রধান এলাকাগুলোকে টার্গেট করছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এর আগে সর্বোচ্চ ক্ষতি সাধন ও বেসামরিক লোকদের টার্গেট করার জন্য দায়েশ রাজধানী বাগদাদের বিভিন্ন বাজারগুলোকে বেছে নিত।

প্রসঙ্গত, সম্প্রতি ইরাকের কৌশলগত মসুল শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোকে দায়েশ সন্ত্রাসীদের কবল থেক মুক্ত করতে সক্ষম হয়েছে ইরাকের স্বেচ্ছাসেবী গণ ও সেনাবাহিনী। পরিচালিত অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।#