আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাকে আরও একটি ভয়াবহ অপরাধ লিপ্ত হল দায়েশ। সন্ত্রাসী এ গ্রুপটি দেশের মসুল শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ইরাকি বাহিনীর সাথে সংঘর্ষের সময় বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে জানা গেছে।
ইরাকের এক সেনা কর্মকর্তা এ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, সন্ত্রাসীরা মসুলের পশ্চিমাঞ্চলে বিষাক্ত গ্যাসবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
এপি জানিয়েছে, দায়েশের এ হামলায় ৭ জন ইরাকি ঐ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হলে তাদেরকে দ্রুত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকদিন আগেও মসুল শহরের আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় বিষাক্ত গ্যাসবাহী শেল ব্যবহার করেছিল দায়েশ।
ইরাকি সৈন্যরা, প্রায় ২ মাস আগ থেকে মসুলের পশ্চিমাঞ্চলের এলাকাগুলোকে দায়েশের হাত থেকে মুক্ত করার অভিযান শুরু করেছে। এরআগে শহরের পূর্বাঞ্চলীয় সকল এলাকা দায়েশ মুক্ত করতে সক্ষম হয়েছে সৈন্যরা।
প্রসঙ্গত, মসুল শহরটি ইরাকের উত্তরাঞ্চলীয় শহরগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর। দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে শহরটির নিয়ন্ত্রণ ছিল দায়েশের হাতে। শহরটিকে তাকফিরি সন্ত্রাসীরা তাদের স্বঘোষিত খেলাফতে ইরাক ভূখণ্ডের রাজধানী হিসেবে বেছে নিয়েছিল।#