আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তানজানিয়াযর দারুস সালামের কিগোগো পোস্ট এলাকায় অবস্থিত ইমাম জাফর সাদিক (আ.) হাওজার আয়োজনে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মজলিসের মূল উদ্দেশ্য ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরকে পবিত্র রমজানের জন্য প্রস্তুত করে তোলা। তানজানিয়ার বিশিষ্ট কারূদের হৃদয়ছোঁয়া তিলাওয়াতের মাধ্যমে উপস্থিত ধর্মপ্রাণ মানুষ আল্লাহর আয়াত সম্পর্কে গভীর চিন্তাভাবনা ও আত্মনিমগ্নতার সুযোগ পান।
অনুষ্ঠানে তানজানিয়ার বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ববৃন্দ অংশ নেন। তানজানিয়া শিয়া কাউন্সিলের (টিআইসি) সিনিয়র নেতা শেখ হামিদি জালালাহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মানবচরিত্র গঠন ও সামাজিক সংহতি সুদৃঢ় করতে কুরআনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজানিয়ার প্রধান ভূখণ্ডের ডেপুটি চিফ কাজী ও বাকওয়াটা (BAKWATA) উলামা কাউন্সিলের সদস্য শেখ আলী এনগেরেকো। তিনি মুসলমানদের জীবনে, বিশেষ করে রমজান মাসে কুরআনের মর্যাদা ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন।
মজলিস অংশগ্রহণকারীদের মনে গভীর প্রভাব ফেলে। এটি প্রমাণ করে যে, পবিত্র কুরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ নয়; বরং এটি জীবনের জন্য এক পূর্ণাঙ্গ দিকনির্দেশনা, যা মুমিনদের ঈমান, নৈতিকতা ও সংহতির একই পতাকাতলে সমবেত করে।
Your Comment