আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না সামরিক জোট ন্যাটো।
ন্যাটো সূত্রে জানা গেছে, চলমান সংঘাত অব্যাহত থাকা অবস্থায় হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে জড়াতে চায় না সদস্য রাষ্ট্রগুলো। তারা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার পক্ষে মত দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ন্যাটোর এমন অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হতে পারে। এতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেছিল, হরমুজ প্রণালী অবরোধের উদ্যোগে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলে, “আমরা এই অবরোধকে সমর্থন করছি না। যত চাপই আসুক, আমরা সরাসরি এই যুদ্ধে জড়াব না।”
জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিসসহ ন্যাটোর আরো কয়েকটি দেশও হরমুজ প্রণালীতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি নাকচ করেছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে ন্যাটোর এ অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
Your Comment