১৭ জুলাই ২০২৬ - ১৯:৪৫
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয় বছর বয়সি এক শিশুও রয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই এ হামলা চালাল দখলদার বাহিনী। 

চিকিৎসাকর্মীরা জানান, মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব পাশে একটি তাঁবু এলাকায় ইসরাইলের গুলিতে নয় বছর বয়সি তালা আবু মাতার নিহত হয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনার বিষয়ে কোনো তথ্য পায়নি।

গাজার সাবরা এলাকায় একটি ধাতব কারখানায় বিমান হামলায় আরও চারজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে ইসরাইল তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেয়নি।

এ ছাড়া বৃহস্পতিবার থেকে উত্তর গাজায় তাদের সেনাদের ওপর হামলার পরিকল্পনা করা দুই হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। 

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবু শিবিরে ইসরাইলি হামলায় আরও একজন নিহত হন। চিকিৎসাকর্মীরা জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Tags

Your Comment

You are replying to: .
captcha