আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সাও পাওলোতে এক জনসভায় লুলা বলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কথা বললেও এর বিনিময়ে প্রতিটি জাহাজ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করছে। অতীতে এ ধরনের কর্মকাণ্ডকে সরাসরি জলদস্যুতা হিসেবে বিবেচনা করা হতো বলেও মন্তব্য করেন তিনি।
লুলা বলে, ‘একটি বড় পরাশক্তির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে যারা জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে, তারাই যদি -এখন সেই ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে তা মেনে নেওয়া যায় না।’
সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর আবার নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ মাশুল আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
লুলা সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যে ব্রাজিলের বাজারে পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের পাশাপাশি চাল, ডাল, টমেটো ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরোধ করেছিল। জুনে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ব্রাজিলের এই নেতা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার জ্বালানির ওপর বিশেষ কর মওকুফসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আগামী অক্টোবরে চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ৮০ বছর বয়সী লুলা।
Your Comment