২৬ জুলাই ২০২৬ - ১৭:২৪
হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচলে ইরান-ওমান ফলপ্রসূ আলোচনা

দুই দেশেরই উপকূলীয় বা সমুদ্রতীরের এলাকা হিসেবে নিজস্ব সার্বভৌম অধিকার বজায় রেখে কীভাবে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা নিয়ে সাধারণ নীতি ও কাজের ধরন নির্ধারণের বিষয়ে কথা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদে পরিচালনা করতে ইরান ও ওমানের মধ্যে কয়েক দফা কারিগরি বা টেকনিক্যাল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা রোববার (২৬ জুলাই) জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই নিশ্চিত করেছেন, দুই দেশের আলোচনার মধ্যেও কৌশলগত গুরুত্বপূর্ণ এই প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি।

ইসমাইল বাকেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তেহরানে দুই দেশের পররাষ্ট্র উপমন্ত্রী পর্যায়ে শুক্র ও শনিবার কয়েক দফা আলোচনা হয়। দুই দেশেরই উপকূলীয় বা সমুদ্রতীরের এলাকা হিসেবে নিজস্ব সার্বভৌম অধিকার বজায় রেখে কীভাবে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা নিয়ে সাধারণ নীতি ও কাজের ধরন নির্ধারণের বিষয়ে কথা হয়েছে। এই আলোচনা অত্যন্ত 'উপযোগী এবং সম্ভাবনাময়' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ওমানের প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় তেহরান ছাড়লেও কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে দুই দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে।

হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা নিয়ে এক প্রশ্নে মুখপাত্র ইসমাইল বাকেই জানান, সংবেদনশীল এই নৌপথে পণ্যবাহী ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচলের গতিপ্রকৃতি আগের মতোই স্বাভাবিক আছে, কোনো পরিবর্তন হয়নি।

এর আগে ওমানের একদল প্রতিনিধি তেহরানে পৌঁছায়। মূল লক্ষ্য ছিল সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সঠিক ব্যবস্থা গড়ে তোলা। এই সফরের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল-বুসাইদি টেলিফোনে কথা বলেন।

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপের জবাবে দেশটির সামরিক বাহিনীর নেওয়া পাল্টা ব্যবস্থা, আঞ্চলিক পরিস্থিতি, সমুদ্রসীমার নিরাপত্তা এবং পারস্য উপসাগরে জাহাজের নিরাপত্তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত কথা বলেন। আঞ্চলিক সংঘাত বা উত্তেজনা যেন আরো বেড়ে না যায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থায়িত্ব বজায় থাকে, সেই লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন উভয় পক্ষ।

Tags

Your Comment

You are replying to: .
captcha