২০ মে ২০২৬ - ১৭:৫৬
হরমুজ প্রণালি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণের ঘোষণা:ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ইরানের ‘স্থায়ী কৌশলগত সম্পদ’ হিসেবে উল্লেখ করে এই নৌপথের ওপর দেশের অধিকার ও নিয়ন্ত্রণ সর্বশক্তি দিয়ে রক্ষা করার ঘোষণা দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আযিযি প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।



তিনি স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি কেবল একটি সাধারণ জাহাজ চলাচলের পথ নয়, বরং এটি ইরানের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত হাতিয়ার। ইব্রাহিম আজিজি সতর্কবার্তা দিয়ে বলেন, এই অঞ্চলে কোনো পক্ষ শক্তি প্রদর্শনের চেষ্টা করলে ইরান তার আইনগত অধিকার রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না এবং দেশের সার্বভৌম অধিকার খর্ব করার যেকোনো প্রচেষ্টার জবাব কঠোরভাবে দেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আজিজি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরান নতুন একটি ব্যবস্থা চালু করেছে। এই নতুন নিয়মের আওতায় নির্ধারিত রুট ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে বিশেষ সেবার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। তাঁর দাবি, এই নতুন ব্যবস্থা মূলত আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

আযিযি আরও যোগ করেন, ইরান তার নিজস্ব সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় পুরোপুরি সক্ষম এবং কোনো ধরনের হুমকি বা নিষেধাজ্ঞা ইরানি জনগণের মনোবলকে দুর্বল করতে পারবে না। সাক্ষাৎকারে তিনি আঞ্চলিক ‘প্রতিরোধ অক্ষ’-এর ভূয়সী প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সংঘাতের দিনগুলোতে তারা অত্যন্ত ঐক্যবদ্ধভাবে ইরানকে সমর্থন যুগিয়েছে।

উল্লেখ্য, বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যার ফলে এই নৌপথে যেকোনো ধরনের উত্তেজনা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

Tags

Your Comment

You are replying to: .
captcha