২৭ জুন ২০২৬ - ১৯:১৯
ইউরোপের কেন্দ্রস্থলে আশুরার পতাকা গর্বের সঙ্গে উড়ছে

তাসুয়া ও আশুরা উপলক্ষে ইউরোপের বিভিন্ন শহরে হাজারো শিয়া মুসলিম ও আহলে বাইত (আ.)-এর অনুরাগী শোকের পতাকা উত্তোলন করে এবং “লাব্বাইক ইয়া হুসাইন” ধ্বনি উচ্চারণের মাধ্যমে কারবালার স্বাধীনতা, মর্যাদা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লন্ডন, অসলো, দ্য হেগ, হামবুর্গ, রোম, ব্রাসেলস ও স্টকহোম-এর রাস্তা ও ইসলামিক কেন্দ্রগুলোতে বিভিন্ন জাতীয়তা ও ভাষার মানুষ একত্রিত হয়ে ইমাম হুসাইন (আ.)-এর পতাকার নিচে সমবেত হন। তারা সেই মহাকাব্যিক আত্মত্যাগের স্মৃতিকে জীবন্ত রেখেছেন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে স্বাধীনচেতা মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানগুলোর একটি অনুষ্ঠিত হয় নরওয়ের রাজধানী অসলোতে। সেখানে প্রায় দুই হাজার শিয়া মুসলিম ও আহলে বাইতপ্রেমী বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক পটভূমি থেকে এসে “আশুরাতোগ” নামে পরিচিত শোভাযাত্রায় অংশ নেন। তারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

নেদারল্যান্ডসের দ্য হেগেও আশুরার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে অংশগ্রহণকারীরা “মাহফিলে আলী” ইসলামিক সেন্টার থেকে হুসাইনি পতাকা হাতে শহরের রাস্তায় বের হন। তারা মারসিয়া পাঠ, মাতম ও আশুরার স্লোগানের মাধ্যমে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের ওপর সংঘটিত জুলুমের প্রতিবাদ জানান।

জার্মানির হামবুর্গে আজ (বৃহস্পতিবার) আশুরার শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে বেলজিয়ামের ব্রাসেলসের মাহদিয়া কেন্দ্র ২৫ জুন থেকে মুহাররমের প্রথম দশকের কর্মসূচি আয়োজন করেছে, যেখানে ফারসি ভাষাভাষী শোকপালনকারীদের পাশাপাশি আহলে বাইতের অন্যান্য অনুরাগীরাও অংশ নিচ্ছেন।

সুইডেনের স্টকহোম ও অন্যান্য শহরেও ফারসি, আরবি ও সুইডিশ ভাষায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের অভিবাসী মুসলমানরা ইমাম হুসাইন (আ.)-এর পতাকার নিচে একত্রিত হয়েছেন।

এদিকে বার্লিনে আগামী শনিবার বৃহৎ আশুরা মিছিলের আয়োজন করা হয়েছে। আয়োজকেরা সকল স্বাধীনচেতা ও অত্যাচারবিরোধী মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, জার্মানির রাজধানীতে তারা “হায়হাত মিনাজ্জিল্লাহ” (অপমান ও লাঞ্ছনা কখনো মেনে নেওয়া যায় না) – এই চিরন্তন বার্তা উচ্চারণ করবেন।

যুক্তরাজ্যেও লন্ডনসহ বিভিন্ন শহরের ইসলামিক সেন্টার, মসজিদ, হুসাইনিয়া ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাসুয়া ও আশুরার অনুষ্ঠান আয়োজন করেছে। প্রধান আশুরা মিছিল শুক্রবার লন্ডনের কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন (আ.)-এর লাল পতাকা এখনও বিশ্বজুড়ে স্বাধীনচেতা মানুষকে আহ্বান জানায়। ইউরোপের হৃদয়ে “ইয়া হুসাইন” ধ্বনির প্রতিধ্বনি প্রমাণ করে যে কারবালার বার্তা কখনও নিভে যায় না এবং কোনো সীমান্ত মানে না।

Tags

Your Comment

You are replying to: .
captcha