আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এই বাস্তবতায় হওয়া নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে নির্বাচন ও সংবিধানসংক্রান্ত গণভোটের খবর প্রকাশ করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ সম্পন্ন হয়। শুক্রবার ফলাফল প্রকাশ শুরু হলে বিবিসি, এএফপি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, সিএনএন ও এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তাদের বিশ্লেষণ ও প্রতিবেদন প্রকাশ করে।
আল–জাজিরা; কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বিএনপির জয়ের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি ফলাফলে বিএনপির পর সর্বাধিক আসন পেতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটি ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বলেও জানানো হয়েছে।
এএফপি; ফরাসি বার্তা সংস্থা এএফপি–এর প্রতিবেদনে বিএনপির জয়ের পাশাপাশি ভোটগ্রহণ ও পরবর্তী সময়ে সামগ্রিক শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা নির্বাচন–পরবর্তী পরিবেশকে তুলনামূলক স্থিতিশীল হিসেবে বর্ণনা করেছে।
বিবিসি; ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভোটের দিন সকাল থেকেই লাইভ আপডেট দিতে থাকে। ফলাফল, ভোটের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ধারাবাহিকভাবে প্রকাশ করছে তারা।
এক প্রতিবেদনের শিরোনামে তারা উল্লেখ করেছে, “১৭ বছর নির্বাসনে থাকা এক ব্যক্তির নাটকীয় প্রত্যাবর্তন।” এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর রাজনৈতিক উত্থান তুলে ধরা হয়েছে।
বিবিসি বিএনপির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী–এর বক্তব্য উদ্ধৃত করে জানায়, দেশের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো স্থিতিশীলতা ও শান্তি। তিনি বলেন, এই ফলাফলকে দলীয় বিজয় হিসেবে নয়, বরং জনগণের আস্থা হিসেবে দেখা উচিত। একই সঙ্গে গত এক দশকে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক ও আর্থিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
রয়টার্স
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে বলেছে, “বিএনপির বিজয় ঘোষণা, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী।”
প্রতিবেদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ ভোটারদের, বিশেষ করে ‘জেন–জি’ প্রজন্মের প্রত্যাশার ওপর। সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত সংবিধান–সংক্রান্ত গণভোট নিয়েও তারা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে প্রাথমিক তথ্যের ভিত্তিতে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হলেও আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষার কথা বলা হয়েছে।
দ্য গার্ডিয়ান
যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, “হাসিনার উৎখাতের পর ঐতিহাসিক প্রথম নির্বাচনে বিএনপির জয় দাবি।”
প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ–এর বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এ জয় অপ্রত্যাশিত নয়; তরুণ প্রজন্ম যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নে বিএনপিই সক্ষম—জনগণের আস্থা তারই প্রমাণ।
Your Comment